পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪
পাবনার ঈশ্বরদী উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চার ‘ডাকাতের’ মৃত্যু হয়েছে; গুলিবিদ্ধ হয়েছে আরও চারজন।
উপজেলার জয়নগরের বাদশা রাইস এজেন্সিতে শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে ডাকাতির চেষ্টা হয় বলে জানান র্যাব-১২-এর পাবনা ক্যাম্পের কমান্ডার বীণা রাণী দাশ।
নিহতদের মধ্যে একজন হলেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কিসমতদৌলা গ্রামের আব্দুল হামিদের ছেলে রুস্তম আলী (২৫)। পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
র্যাব অন্য নিহতদের নাম জানাতে পারেনি।
র্যাব কর্মকর্তা বীণা রাণী সাংবাদিকদের বলেন, জয়নগরের ওয়াপদা গেইটে বাদশা রাইস এজেন্সিতে দুটি ট্রাকে করে চাল ডাকাতি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের টহলদল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি করে।
“আরেকদল ডাকাত একটা ট্রাকে করে পালানোর চেষ্টা করে। র্যাব ধাওয়া করলে তারা বরইচরা গ্রামে চলে যায়। সেখানে বন্দুকযুদ্ধে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু।”
এ ঘটনায় আহত আরও চার ডাকাতকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তা বীণা রাণী ।
আহত চারজন হলেন - ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাটনি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. বাচ্চু মিয়া (৩৫), পঞ্চগড়ের বোদা উপজেলার কবিরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২৫), চাঁদপুরের মতলর উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. হানিফ মিয়া, এবং নাম না জানা একজন।
বাদশা রাইচ এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন বাদশা বলেন, “ডাকাতরা প্রথমে রাত সাড়ে ৩টার দিকে পাশের একটি ময়দার মিলে ডাকাতির চেষ্টা করে। সেখানে ব্যর্থ হয়ে আমাদের মিলের নিরাপত্তা রক্ষীদের হাত-পা বেঁধে রেখে ভেতরে ঢুকে দুটি ট্রাকে চাল বোঝাই করছিল।
“আমরা জানতাম না বিষয়টি। পরে গুলির শব্দে বুঝতে পারি যে আমাদের মিলেও ডাকাতির চেষ্টা হয়েছে।”
জয়নগর এলাকার বাসিন্দা চাল ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই এ এলাকায় আন্তঃজেলা ডাকাতরা রাতের আঁধারে এসে আমাদের মিলগুলিতে হামলা চালিয়ে লুটপাট করে যাচ্ছে। এটা আজকের সমস্যা নয়।
