চিনিকল কর্তৃপক্ষের কাছ থেকে ধান বুঝে নিলেন সাঁওতালরা
সাঁওতালদের অনুপস্থিতিতে ধান কাটার পর এই নৃগোষ্ঠীর সদস্যদের সেই ফসল বুঝিয়ে দিয়েছে রংপুর চিনিকল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর চিনিকল কর্তৃপক্ষের কাছ থেকে সাঁওতাল নেতারা সাহেবগঞ্জ ইক্ষু খামারে তাদের রোপণ করা ২৬ বস্তা ধান বুঝে নেন বলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানিয়েছেন।
এর আগে চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে বেলা ১২টায় মেশিন (কম্বাইন্ড হারভেস্টার মেশিন) দিয়ে এই ধান কাটা শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত প্রায় আড়াই একর জমির ধান কাটা সম্পন্ন হয়।
সকালে ধান কাটা শুরুর সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প সংস্থার প্রতিনিধিসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া ওই এলাকায় গোলযোগ এড়াতে পুলিশও মোতায়েন করা হয়।
ধান কাটা নিয়ে প্রথমদিকে সাঁওতালদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত তারা মিল কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেন।
চিনিকলের এমডি আওয়াল বলেন, মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করার পর বস্তাজাত করে সাঁওতালদের দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুই মণ ওজনের ২৬ বস্তা ধান আদিবাসীদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
“বার্ণাবাস টুডু, আনছেন হেমভ্রম, সুরেন টুডু ও সুশিল মার্ডিসহ ১৭ জনের একটি প্রতিনিধির কাছে এই ধান বুঝিয়ে দেওয়া হয়।”
ধান বুঝে নেওয়া হয়েছে জানিয়ে সাহেবগঞ্জ-বাগদা ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য বার্ণাবাস টুডু বলেন, ধান কাটা শেষে সন্ধ্যায় ২৬ বস্তা ধান মিল কর্তৃপক্ষের কাছ বুঝে পেয়েছেন। তবে ধানগুলো এখনও পরিমাপ করে দেখা হয়নি।
ধান বুঝে নিলেও তাদের দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, “বৃহস্পতিবার সকালেও আদিবাসীদের সাথে ধান কাটার বিষয়ে কথা বলা হয়। তারা তখন ধান কেটে নেওয়ার জন্য দইক্ষু খামার এলাকা জুড়ে বসানো কাটা তারের বেড়া ও তাদের বিরুদ্ধে দায়ের মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার শর্ত দেন।
“পরে মিল কর্তৃপক্ষ ধান কাটা শুরু করে।”
৪৫ দশমিক ৫০ একর জমিতে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ৩০ একর জমির ধান কাটার উপযোগী হয়েছে। তাই হাই কোর্টের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের উপস্থিতি মিল কর্তৃপক্ষ ওই জমির ধান কাটা শুরু করে বলে জানান তিনি।
ইউএনও বলেন, “সকালে এ ধান গ্রহণে অস্বীকৃতি জানালেও সন্ধ্যায় সাঁওতালদের একটি প্রতিনিধি দল এসে ২৬ বস্তা ধান নিয়ে গেছে।”
গত ৬ নভেম্বর চিনিকলের অধিগ্রহণ করা ওই জমি থেকে সাঁওতালদের কয়েকশ ঘর উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ হওয়া সাঁওতালদের ভাষ্য, তারা ১০০ একর জমিতে ধান এবং প্রায় ৮০০ একর জমিতে মাস কালাই, সরিষা ও পাট চাষ করেছিলেন।
এক রিট আবেদন শুনে গত ১১ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ ওই জমিতে সাঁওতালদের চাষের ধান তাদের কাটতে দিতে অথবা চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দিতে নির্দেশ দেয়।
এই নির্দেশনার পর সোমবার রংপুর চিনিকলের এমডি আব্দুল আউয়াল ও ওসি সুব্রত কুমার সরকার মাদারপুর গ্রামে গিয়ে সাঁওতালদের নেতাদের সঙ্গে দেখা করে তাদের রোপণ করা ধান কেটে দেওয়ার জন্য চাষিদের তালিকা চান।
সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের এক হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে রংপুর চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। সেই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।
চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে।
