২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় সমাপনী পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষকদের

সমাপনীতে উত্তর বলে দেওয়ার অভিযোগে জেলহাজতে পাঠানো শিক্ষককে মুক্তি না দিলে পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছে শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 11:15 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

পুরনো খবর:

‘উত্তর বলে দেওয়ায়’ শার্শায় শিক্ষক দণ্ডিত

বুধবার সন্ধায় এক সংবাদ সম্মেলনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইজ্জত আলী এ দাবি জানান।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তর বলে দেওয়ার অভিযোগে বুধবার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানকে সাত দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠায় ভ্রাম্যমাণ আদালত। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম এ আদালত পরিচালনা করেন।

ইজ্জত আলী বলেন, “বৃহস্পতিবারের মধ্যে বজলুর রহমানকে মুক্তি ও ইউএনও আব্দুস সালামকে অপসারণ করা না হলে রোববার থেকে পিইসি পরীক্ষা বর্জন করবে শার্শা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।”

পরীক্ষা বর্জন ছাড়াও খাতা মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতি থেকেও বিরত থাকা হবে সংবাদ সম্মেলনে জানান তিনি।

বৃহস্পতিবার বিকাল ৩টার সময় শিক্ষকরা কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করবেন বলে জানানো হয়েছে তাদের পক্ষ থেকে।

এ বিষয়ে বজলুর রহমান বলেন,“পরীক্ষা কেন্দ্রে একটি ছাত্রের প্রশ্নপত্র নিচে পড়ে গেলে আমি মানবিক কারণে তার প্রশ্নপত্রটি তুলে দিই। বিষয়টি না বুঝেই ইউএনও স্যার আমাকে সাজা দিয়েছেন।”

ইউএনও সালাম বলেন, “ভ্রাম্যমাণ আদালতের কাছে ওই শিক্ষক নিজের দোষ শিকার করায় তাকে এ দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।”

সাংবাদিক সম্মেলনে শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ওসমান গনি মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি বিশ্বাষ, প্রচার সম্পাদক নওসের আলী, সম্পাদক মন্ডলীর সদস্য এমদাদুল হোসেন, প্রধান শিক্ষক আনায়ারুল ইসলাম, শেখ শফিউদ্দিন, আব্দুর রাশেদ আলী, আশরাফ হোসেন, মনিরুজ্জামান, আমির আলি, মোনয়ার হোসেন, নাসরিন সুলতানা, জেবুন্নেছা আলো, জান্নাতুন ফেরদৌস, ওজিহার রহমান, আক্তার ফারুক, শাহিনুর রহমান, সবুক্তগীন প্রমুখ উপস্থিত ছিল।