২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সেবায়েত হত্যা: পুলিশের অভিযোগপত্রে অসন্তোষ, বিক্ষোভ

পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যা মামলায় দেওয়া অভিযোগপত্রে নিরীহ মানুষদের আসামি করা হয়েছে দাবি করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 06:38 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

বুধবার দুপুরে হেমায়েতপুর এলাকার নারী-পুরুষ মিলে সহস্রাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়।

তারা বলছে, ‘ঘুষ নিয়ে আশ্রমের আর্থিক অনিয়ম ও অভ্যন্তরীণ কোন্দলের’ বিষয়টি উপেক্ষা করে নিরীহ মানুষদের ফাঁসিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া অভিযোগপত্রভুক্ত আসামিরা ছাড়াও জেলা আওয়ামী লীগের এক নেতাও ছিলেন এই বিক্ষোভে।

গত ১০ জুন ভোরে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে ওই আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করা হয়।

তার আগে ও পরে দেশের বিভিন্ন জায়গায় আরও কয়েকজন সেবায়েত ও পুরোহিতকে একই কায়দায় হত্যা করা হয়। সবগুলো ঘটনা জঙ্গিদের কাজ বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করে।

সাড়ে চার মাস তদন্তের পর এসআই আবু কুদ্দুস মুন্সি গত ৩১ অক্টোবর ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এই আসামিরা সবাই হেমায়েতপুর এবং এর আশপাশের এলাকার বাসিন্দা।

অভিযোগপত্রে বলা হয়েছে, আশ্রমে ‘অসামাজিক কাজে বাধা পেয়ে এবং চাঁদা না দেওয়ায়’ আসামিরা সেবায়েত নিত‌্যরঞ্জনকে পরিকল্পিতভাবে হত‌্যা করে।

তবে র‌্যাবের দাবি, সেবায়েত নিত‌্যরঞ্জনকে হত‌্যায় ছিল ‘নব‌্য জেএমবি’।

গত অক্টোবরে আশুলিয়ায় অভিযানে সারোয়ার জাহান নিহত হওয়ার পর র‌্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়, তার নেতৃত্বে সারাদেশে ২২টি হামলা হয়। এর মধ‌্যে নিত‌্যরঞ্জন হত‌্যাকাণ্ডও রয়েছে।

সেবায়েত হত‌্যার তদন্তে পুলিশ আশ্রমের কোন্দলের পাশাপাশি জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টিও আড়াল করেছে বলে দাবি করেন অভিযোগপত্রভুক্ত আসামি হারুন খাঁ।

তিনি বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডে পুলিশ প্রথমে জঙ্গি-সংশ্লিষ্টতার কথা বললেও পরে বিষয়টি আড়ালের চেষ্টা করে।

“এরপর উৎকোচের বিনিময়ে আশ্রমের সন্দেহভাজন কর্মকর্তাদের বাদ দিয়ে এলাকার নিরীহ লোকজনের নামে চার্জশিট দেওয়া হয়েছে।”

বিক্ষোভে অংশগ্রহণকারী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন অভিযোগপত্র প্রত্যাখ্যান করে পুনরায় তদন্ত দাবি করেন।

তিনি বলেন, “এই অভিযোগপত্রে নিরীহ মানুষদের আসামি করা হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। এই অভিযোগপত্র বাতিল করে পুনরায় তদন্ত করতে হবে।”

অভিযোগপত্রভুক্ত আসামি হেমায়েতপুর এলাকার শাহিন শেখ বলেন, “আমার ব্যবসায়িক অংশীদার হারুন খাঁকে ধরে নিয়ে ব্যাপক মারধর করে তার মুখ দিয়ে কয়েকজনের নাম বলানো হয়েছে। পরে অভিযোগপত্রে আমাদের নাম দেওয়া হয়েছে।

“আমরা কোনো দিন এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নই। কেন আমাদের নামে অভিযোগপত্র দেওয়া হল আমাদের বোধগম্য নয়।”

তিনি এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের আড়াল করতে নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে তার অভিযোগ।

“অভিযোগপত্রভুক্ত বেশির ভাগ আসামি দিনমজুর ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। মামলার তদন্ত কর্মকর্তা প্রকৃত আসামিদের আড়াল করার চেষ্টাস্বরূপ নিরীহ মানুষকে অভিযোগপত্রভুক্ত করেছেন।”

অভিযোগপত্রভুক্ত এক আসামি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মূল ঘটনা আশ্রমের টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে। প্রথম দিকে আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষও আসামি ছিলেন। অজ্ঞাত কারণে তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।”

এ বিষয়ে যুগল কিশোর ঘোষের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি না ধরে তা বন্ধ করে দেন।

আশ্রমের কেন্দ্রীয় পরিষদ সদস্য বলাই কৃষ্ণ সাহা বলেন, “এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই। ধর্মীয় প্রতিষ্ঠানে ভাগবাটোয়ারার কিছু নেই। আমাদের ফাঁসানোর চেষ্টা হয়েছিল।”

সারাদেশে জঙ্গি-তৎপরতার ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডের ঘটনাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখানে উৎকোচ নেওয়ার প্রশ্নই ওঠে না। বিষয়টি নিয়ে আমি তদন্ত করলেও জেলা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তারাও দেখভাল করেছেন।”

অভিযোগপত্রভুক্ত ১১ আসামির মধ্যে সাতজন পলাতক বলে জানান তিনি।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, “আমি পাবনায় যোগ দেওয়ার আগেই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এটা এখন আদালতের ব্যাপার। আদালত প্রয়োজন মনে করলে পুনরায় তদন্তের নির্দেশ দিতে পারে।”

গত ১০ জুন ভোরে পাবনা মানসিক হসপাতালের প্রধান ফটকের সামনে নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিনই পাবনা সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করে পুলিশ।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন - হেমায়েতপুর গ্রামের ফকির শেখের ছেলে আবুল হাশেম ওরফে গালকাটা হাশেম (৫০), মনছের শেখের ছেলে জালাল শেখ (৪২), আহম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২), কিসমত প্রতাপপুর খাঁ-পাড়ার হাবিবুর রহমানের ছেলে হারুন খাঁ (৪২), বুধেরহাট গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৭), আহম্মদ শেখের ছেলে শাহিন শেখ (৩২), হেমায়েতপুর ট্যাংকিপাড়ার ছান্দু গাছির ছেলে মো. রফিক (৩০), নজরুল ইসলামের ছেলে আব্দুস সালাম (৪৫), কাশিপুর মোড়ের বাচ্চু শেখের ছেলে জাহিদুল ইসলাম (২৯), বোর্ডঘর এলাকার মোহম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও হেমায়েতপুর পূর্বপাড়ার ইছা কাবলির ছেলে বেটে সোহেল (৩৫)।

পুরনো খবর:

আশুলিয়ায় নিহত রহমানই নব্য জেএমবির আমির: র‌্যাব