রাজশাহীতে এক ট্রাক সরকারি গম জব্দ
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে এক ট্রাক সরকারি গম জব্দ করা হয়েছে; যেগুলো পাবনা থেকে ঢাকায় নেওয়ার কথা ছিল।
এ ঘটনায় ট্রাকের চালক লালন উদ্দিন (৪৬) ও হেলপার আইনুলকে (২৪) আটক করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গমগুলো পাবনার মুলাডুলির সরকারি সিএসডি গুদাম থেকে লোড করে রাজধানীর তেজগাঁওয়ের গোডাউনে যাওয়ার কথা ছিল বলে চালান দেখে জানা গেছে।”
গমের বস্তায় সরকারি সিলমোহর রয়েছে বলে জানান ওসি আমান।
তিনি ট্রাকচালকের বরাত দিয়ে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানিয়েছেন, রাজু নামে এক ব্যক্তি ট্রাক ভাড়া করে মুলাডুলির গুদাম থেকে গমগুলো লোড করে চাঁপাইনবাবগঞ্জ বাইপাস এলাকায় নিয়ে যেতে বলেছে।
“রাজু চাঁপাইনবাবগঞ্জ বাইপাস থেকে ট্রাক রিসিভ করবে বলে ট্রাকচালকের বক্তব্য। রাজু ট্রাকচালকের ঠিকানা বা ফোন নম্বর বলতে পারেননি।”
পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানান ওসি আমান।
