কারাগারে ছেলের জন্ম দিলেন জঙ্গি নেতা সারোয়ার জাহানের স্ত্রী
ঢাকার আশুলিয়ায় গত মাসে র্যাবের অভিযানে নিহত নব্য জেএমবির কথিত শীর্ষ নেতা সারোয়ার জাহান ওরফে আব্দুর রহমানের স্ত্রী গাজীপুর জেলা কারাগারে সন্তানের জন্ম দিয়েছেন।
কারাগারের সুপার সুভাষ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ১টার দিকে ২৮ বছর বয়সী মোসাম্মত শাহানাজ আক্তার রুমির একটি ছেলে সন্তান হয়েছে।
গত ৮ অক্টোবর র্যাবের অভিযানের সময় আশুলিয়ার এক বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় সারোয়ার জাহানের। ওই বাড়ি থেকে অন্তঃসত্ত্বা রুমিকে অস্ত্রসহ আটক করা হয়। পরে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলায় আসামি করা হয় তাকে।
জেল সুপার সুভাষ ঘোষ জানান, সন্তানসম্ভবা রুমিকে হাসপাতালে আনা-নেওয়ার সুবিধার্থে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ১০ নভেম্বর গাজীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
শনিবার সকালে তাকে কারাগার থেকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।
জেল সুপার জানান, সারোয়ার জাহান ছিলেন রুমির দ্বিতীয় স্বামী। তার প্রথম পক্ষে চার বছরের একটি ছেলে রয়েছে।
রুমিও ওই জঙ্গি নেতার দ্বিতীয় স্ত্রী। প্রথম পক্ষে সারোয়ার জাহানের ১১ বছরের একটি মেয়ে ও ছয় বছরের ছেলে রয়েছে। মেয়েটি সরকারি সেইফ হোমে এবং ছেলে রুমির সঙ্গে কারাগারেই রয়েছে।
অভিযানের পর র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান আয়নাল, তিনিই নব্য জেএমবির প্রধান অর্থ যোগানদাতা।
তার ১৩ দিন পর র্যাবের এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই ব্যক্তির প্রকৃত নাম সারোয়ার জাহান, বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
তিনিই নব্য জেএমবির আমির এবং তার ‘নেতৃত্বেই’ গুলশানের হলি আর্টিজান বেকারি, শোলাকিয়া ঈদগাহ, হোসনি দালান, পুলিশ চেক পোস্ট, বিদেশি নাগরিক হত্যাসহ অন্তত ২২টি জঙ্গি হামলা হয় বলে র্যাবের ভাষ্য।
তবে পুলিশের ধারণা, সারোয়ার জাহান আসলে নব্য জেএমবির তৃতীয় পর্যায়ের নেতা ছিলেন।
