‘শ্যালকদের পিটুনিতে’ ভগ্নিপতির মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্যালকদের বিরুদ্ধে।
শুক্রবার সকালে উপজেলা সদরের চন্দনগাতি দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান।
নিহত আবু তাহের মোল্লা (৪৬) ওই এলাকার গফুর মোল্লার ছেলে।
তার তিন শ্যালক সাদ্দাম হোসেন (৩৫), সওদাগর হোসেন (৩২) ও উজ্জ্বল হোসেনকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে তাহের মোল্লার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তিন শ্যালক মিলে তাহেরকে কিল-ঘুষি মারতে শুরু করলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের অন্য সদস্যরা উদ্ধার করে তাহেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ মর্গে পাঠায় এবং তাহেরের তিন শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে জানান ওসি।
