পরশুরামের ইউএনওকে মারধর: উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার সাক্ষ্য
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম রকিব হায়দারকে মারধরের মামলায় ফুলগাজী উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মো. বদিউল আলম সোহেলের আদালতে আসামির উপস্থিতিতে সাক্ষ্য দেন তিনি।
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ২৪ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রেখেছে বলে এপিপি সহদেব কুমার বণিক জানান।
তিনি বলেন, “বৃহস্পতিবার মামলার সাক্ষ্যগ্রহণের ধার্য্য দিনে আসামিদের উপস্থিতিতে ফুলগাজী উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম সাক্ষ্য দেন। আদালতে তিনি ঘটনার দিনের বিবরণ দিলেও আসামি পক্ষের আইজীবীদের জেরায় অনেক বিষয় এড়িয়ে যান।”
গত ২১ জুন ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতের বিচারক রাজেশ চৌধুরীর আদালত এ মামলায় গ্রেপ্তার ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ হয়।
গত ৬ মে পরশুরামে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একটি অনুষ্ঠান স্থলের পাশে পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (সদ্য সাবেক) এইচএম রকিব হায়দারের উপর হামলা করে সরকার দলীয় নেতা-কর্মীরা।
ওই ঘটনায় তার গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাসহ সাত জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।
