নাসিরনগরে হামলা: বিএনপি নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে ভাংচুরের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল চকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, মঙ্গলবার গভীর রাতে আমিরুল চকদারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
“হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন ওসি।
ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাংচুর-লুটপাট চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক অনুসন্ধানে জানা যায়, ওই হামলার নেপথ্যে ছিল নাসিরনগরের এমপি ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।
হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির অভিযোগ ওঠায় একটি তদন্ত কমিটি করেছিল পুলিশ প্রশাসন। তাদের প্রতিবেদনে হামলার পেছনের কারণ হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বের বিষয়টিও এসেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শওকত হোসেন।
সোমবার পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এলাকায় একটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের কোনো সুযোগ নিয়ে হামলার এই ঘটনা ঘটতে পারে বলে কমিটি মনে করেছে। তবে আরও তদন্তের প্রয়োজন রয়েছে।”
এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পুলিশের ওই প্রতিবেদন ‘সাজানো ও মিথ্যা’।
রিজভী দাবি করেন, ওই প্রতিবেদনে আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর সঙ্গে বিএনপির নাসিরনগর উপজেলার সহ-সভাপতি জামাল উদ্দিন ও ইউনিয়ন যুব দলের সহ-সভাপতি বিল্লাহ হোসেনের নামও ‘জড়িয়ে দেওয়া হয়েছে’।
“এই সাজানো মিথ্যা প্রতিবেদন প্রত্যাখান করছি। মূলত স্থানীয় এমপি ও মন্ত্রীকে বাঁচাতেই এই সাজানো মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে,” বলেন রিজভী।
ওই হামলার পাঁচ দিনের মাথায় ৪ নভেম্বর একই এলাকার কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে ১৩ নভেম্বর ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে আগুন দেওয়া হয়।
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত মোট তিনটি মামলা হয়েছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।
হামলায় জড়িতদের গ্রেপ্তারে প্রতিদিনই অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাত পর্যন্ত মোট ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
