সিরাজগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর
সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রীর স্বজনদের মারধরসহ বাড়িঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে; এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার কাজীপুর উপজেলার একটি গ্রামে সোমবারের এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান কাজিপুর থানার ওসি সুমিত কুমার কুণ্ডু।
গ্রেপ্তার আনোয়ার পাশা (৬০) ওই উপজেলার উদগাড়ী এলাকার বাসিন্দা।
ওসি মামলার বরাত দিয়ে বলেন, ঢাকা থেকে নানাবাড়ি বেড়াতে আসার পর ষষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রী উদগাড়ী কলেজমাঠে বেড়াতে যায়। সে সময় কলেজের একাদশ শ্রেণির ছাত্র সজিবসহ বেশ কয়েকজন তাকে উত্ত্যক্ত করে।
“স্কুলছাত্রী কলেজে সজিবের নামে অভিযোগ দিলে সজীব ও তার পরিবারের লোকজন গিয়ে স্কুলছাত্রীর নানাবাড়িতে ভাংচুর চালিয়ে পরিবারের সদস্যদের মারধর করে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।”
এ ঘটনায় স্কুলছাত্রীর এক খালা মামলা করেন বলে জানান ওসি সুমিত।
ওসি বলেন, মামলায় আনোয়ারসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে।
‘পুলিশের প্রাথমিক তদন্তে আনোয়ারের সংশ্লিষ্টতা পাওয়ার পর সোমবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়’ বলে জানান ওসি।
