গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চার্জের সময় আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।
উপজেলার তেলিরচালা এলাকায় মঙ্গলবার ভোরে আগুন লাগে বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল।
তিনি বলেন, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ওই এলাকায় শহিদুল ইসলামের বাড়িতে ব্যাটারিচারিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় আগুন লাগে। সেখান থেকে পাশের একটি হোটেল, একটি কাঠের দোকান ও একটি গাড়ির চাকায় হাওয়া দেওয়ার দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
