নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৩ জন দগ্ধ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছে; উড়ে গেছে একটি ঘরের টিনের চাল।
বন্দর থানার এসআই মিজানুল ইসলাম জানিয়েছেন, উপজেলার চিতাশাল এলাকায় মঙ্গলবার ভোরে বিকট বিস্ফোরণে দুই রুমের একটি টিনশেডের চাল উড়ে যায়। এ সময় অগ্নিদগ্ধ হয় এক পরিবারের তিনজন।
তারা হলেন - রায়হান (৩৫), তার স্ত্রী মায়া (২৮) ও তাদের দেড় বছরের শিশু মরিয়ম।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই মিজানুল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপ-পরিচালক দীনমনি শর্মা বলেন, রাতের কোনো এক সময় পাইপলাইন লিক হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার পর সকালে কোনো কারণে আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
