২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক-রোগীর স্বজনদের হাতাহাতি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনদের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 09:20 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রোববার দুপুরে হাসপাতালে এ ঘটনার পর দুইজনকে আটক করে শিক্ষানবিশ চিকিৎসকরা  পুলিশে দিয়েছে বলে জানান নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ।

মহসিন আলী (৭৫) নামে  ওই রোগীর ভাতিজা শামিম হোসেন জানান, শনিবার সড়ক দুর্ঘটনায় আহত হন তার চাচা পবা উপজেলার মদনহাট গ্রামের মহসিন আলী। ওই দিন তাকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রোববার দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান।

“মৃত্যুর পর তার দুই ছেলে নজরুল ইসলাম (৪৫) ও আনারুল ইসলাম (৩৫) ওয়ার্ডে দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসক শফিকুল ইসলাম অপুকে গালাগালি করেন। এসময় তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।”

এ সময় অন্য শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের উপর হামলা চালায়। এতে তার চাচি রাহেলা বিবি (৫৫) ও চাচাত ভাই লের নজরুল ও আনারুল আহত হন বলে অভিযোগ করেন শামীম।

হাসপাতালের উপ-পরিচালক ডা. তৌফিক উদ্দিন মোহাম্মদ বেলাল বলেন, “রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। স্বজনদের বিরুদ্ধে মামলা করার জন্য শিক্ষানবিশ চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

“বিষয়টি খতিয়ে দেখার পর তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ওসি আমান উল্লাহ বলেন, “শিক্ষানবিশ চিকিৎসকরা তাদের মারধর করার অভিযোগ তুলে রোগীর দুই স্বজনকে পুলিশের কাছে দিয়েছে। এ ব্যাপারে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।”

তাছাড়া মহাসিনের মৃতদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।