গাইবান্ধায় বিদ্যুতের ‘ফাঁদে’ দুইজনের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।
বিদ্যুতের তারকে পরিকল্পিত ফাঁদ বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান বলেন, উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মফিজল মিয়ার ছেলে তসলিম মিয়া (৩৫) ও তার চাচাত বোন মর্জিনা বেগম (৩০)।
ওসি নিহতের পরিবারের বরাতে বলেন, তসলিম ও মর্জিনাদের সঙ্গে প্রতিবেশী হজরত আলীদের প্রায় দুই বিঘা জমি নিয়ে আদালতে মামলা চলছে। শনিবার সকাল ৯টার দিকে তসলিম ও মর্জিনারা লোকজন নিয়ে জমিতে ধান কাটতে যান।
“নিহতের পরিবারের অভিযোগ, ওই জমির প্রবেশমুখে হজরত আলীরা জিআই তার দিয়ে পথরোধ করে বিদ্যুতের সংযোগ দিয়ে রেখেছিল। বিদ্যুতের বিষয়টি না জানা থাকায় তারা জমিতে প্রবেশ করতে গিয়ে তারে জড়িয়ে পড়েন। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান।”
এছাড়া আরও পাঁচজন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান ওসি আতিয়ার।
তিনি বলেন, ঘটনার পর পুলিশ ওই গ্রাম থেকে আটজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন - একই গ্রামের আবুল হোসেনের ছেলে হযরত আলী, হাবিজার রহমান ও আজিজল হক, হযরত আলীর স্ত্রী গোলেনুর বেগম, বজর আলীর ছেলে আবুল হোসেন ও তার স্ত্রী জরিনা বেগম, মোজাহার আলীর স্ত্রী আকলিমা বেগম ও হাফিজার রহমানের স্ত্রী মোর্শেদা আক্তার।
পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
