ঝিনাইদহে ভ্যান-পিকআপ সংঘর্ষে ২ জনের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যন্ত্রচালিত ভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও চারজন।
উপজেলার পাতবিলায় শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।
নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের কেদার বিশ্বাসের ছেলে আমজাদ হোসেন (৫৫) ও কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি গ্রামের বাবর খাঁর ছেলে আমির খাঁ (৪৮)।
দুর্ঘটনায় আহত চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন - কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামের লিটন হোসেন (২৮), জাহাঙ্গীর হোসেন (২৮), বসির উদ্দীন (৪৫) ও আবুল কালাম (৩৫)।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, সকালে কোটচাঁদপুর থেকে আসা একটি যন্ত্রচালিত ভ্যান পাতবিলা ইটভাটার কাছে পৌঁছালে একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে আমজাদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান আমির খাঁ।”
ওসি আমিনুল বলেন, নিহত দুইজনসহ আহতরা সবাই আলমসাধু নামে একটি যন্ত্রচালিত ভ্যানের যাত্রী ছিলেন। পুলিশ পিকআপ ভ্যান ও আলমসাধুটি আটক করেছে। তবে চালকরা পালিয়ে গেছে।
