২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহেবগঞ্জ ইক্ষু খামারে সংঘর্ষে আহত সাঁওতালের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে সংঘর্ষে আহত আরও এক সাঁওতালের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বৃহস্পতিবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহ-সভাপতি ফিলিমন বাস্কে।

নিহত রোমেশ সরেন (৪০) উপজেলার সাপমারা ইউনিয়নের শিন্টাজুরি গ্রামের মৃত মাঝি সরেনের ছেলে।

এনিয়ে পুলিশ ও সাঁওতালদের সংঘর্ষে নিহতের সংখ্যা তিন জনে দাঁড়াল।

তবে পুলিশের দাবি রোমেশ সংঘর্ষ আহত হয়নি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

ফিলিমন বাস্কে বলেন, গ্রেপ্তারের ভয়ে আহত রোমেশ সরেন বাড়িতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন।

আন্দোলনকারী আরও তিন থেকে চার সাঁওতাল এখনও নিখোঁজ রয়েছেন বলে তিনি দাবি করেন।

তবে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, রোমেশ সরেনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। সংঘর্ষে তিনি আহত হননি।

গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমির দখলকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারিদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সাঁওতাল শ্যামল হেমভ্রম (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। ওই সংঘর্ষের পরের দিন চিনিকলসংলগ্ন সাহেবগঞ্জ এলাকার ধানক্ষেত থেকে মঙ্গল মাদ্রি (৫০) নামে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।

সংঘর্ষের ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ওই রাতেই ৩৮ জনের নাম উল্লেখ করে সাড়ে তিনশ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এ পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেপ্তারও করেছে।

তবে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।