শিক্ষক রেজাউল হত্যা: অব্যাহতি পাওয়া ৪ জনের মুক্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় অব্যাহতি পাওয়া চারজন মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান বলে জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান জানান।
এরা হলেন, নগরীর ভদ্রা এলাকার আব্দুর রহমান (২১), ডাশমারির নাশরুল্লাহ আল জাহিদ (২০), ঠাকুরগাঁওয়ের হরিপুর মেদেনিসাগরের আব্দুল গফুর ও পাবনার ভাঙুড়ার দিয়াড়পাড়ার মাহবুবুল আলম (২২)।
গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় গলাকেটে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে। নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ পরদিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা দায়ের করেন।
এ মামলায় পুলিশ মোট ১২ জনকে গ্রেপ্তার করে। যাদের মধ্যে একজন কারাগারে মারা যান। অপর ১১ জন গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন।
শিক্ষক রেজাউল হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গত মঙ্গলবার আদালত গ্রহণ করে এবং গ্রেপ্তার অন্য সাতজনকে অব্যাহতির আদেশ দেয়।
জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল বলেন, বৃহস্পতিবার তাদের মুক্তি সংক্রান্ত আদালতের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
তবে অন্য মামলা থাকায় বাকিরা মুক্তি পাননি বলে জানান তিনি।
