২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মুরগি ব্যবসায়ী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় এক মুরগি ব্যবসায়ীকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 06:45 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

বৃহস্পতিবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ম মো. সাঈদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার কাফুরা পূর্ব পাড়ার আরকান আলীর ছেলে নূরুল ইসলাম জায়দার ও আব্দুর রশিদের ছেলে মোস্তফা কামাল।

রায় ঘোষণার সময় দুজনেই আদালতে উপস্থিত ছিলেন বলে বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন জানান।

মামলার বরাত দিয়ে তিনি জানান, কাফুরা পূর্ব পাড়ার আলমগীর হোসেনের ছেলে আল-মাসুদ (১৬) মুরগি ব্যবসায়ী ছিলেন। মোবাইল ফোন চুরির অভিযোগে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ প্রতিবেশী জিয়াউর রহমানের ল্যাট্রিনের সেপটিক ট্যাংকে ফেলে দেন নূরুল ইসলাম জায়দার ও মোস্তফা কামাল।

“ঘটনার একদিন পর পুলিশ জিয়াউর রহমানের ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে মাসুদের লাশ উদ্ধার করে।”

ওই ঘটনায় মাসুদের মা মালেঞ্চা বেগম প্রতিবেশী জিয়াউর রহমান এবং তার ভাইসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পিপি বলেন, তবে তদন্ত করতে গিয়ে পুলিশ ওই হত্যাকাণ্ডের সঙ্গে নূরুল ইসলাম ও মোস্তফা কামালের সম্পৃক্ততা খুঁজে পায়। এরপর শেরপুর থানার উপপরিদর্শক আবু জারা তাদের বিরুদ্ধে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন।