নোয়াখালীতে ৭ ভূমিহীন হত্যায় আড়াই বছর পর মামলা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর বালুয়ায় দস্যুদের হাতে সাত ভূমিহীন নিহতের ঘটনার আড়াই বছর পর পুলিশকে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার নোয়াখালীর ২ নম্বর আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূইয়া এ আদেশ দেন বলে পিপি এটিএম মহিব উল্লাহ জানান।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৪ সালের ২৫ জুন উপজেলার চর এলাহী ইউনিয়নের বালুয়ায় জলদস্যু বাহিনী প্রধান মামুন ও তার সহযোগীরা ভূমিহীনদের কাছ থেকে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে সাত জনকে হত্যার পর লাশ গুম করে ফেলে।
নিহতরা হলেন চর বালুয়ার রাসেল (২৫), জিপুল (৩২), কালু (২৮), উড়ির চরের জাবেদ (২৫), আবদুল হাই (৩০), জামাল (২৮) ও জহির (৩০)।
এ হত্যাকাণ্ডের পর দস্যুরা ভয়ভীতি দেখিয়ে নিহতের স্বজনদেরকে এলাকা ছাড়া করে এবং ভয়ে তারা মামলা দায়ের করতে পারেনি, বলেন পিপি।
পিপি বলেন, প্রায় আড়াই বছর পর গত ৩ নভেম্বর নিহত রাসেলের ভাই মো. হানিফ ২ নম্বর আমলী আদালতে দস্যুবাহিনী প্রধান নূরনবী মামুনসহ ১০৩ জনকে আসামি করে একটি পিটিশন মামলা করেন। বাদীর অভিযোগে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না সে বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় আদালত।
“আদালতের নির্দেশে রোববার কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মজিদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি এবং কোনো অভিযোগ বা দরখাস্তও দাখিল করেনি জানিয়ে আদালতে প্রতিবেদন দেন।”
পরে মঙ্গলবার আদালত আবেদনকারীর অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন বরে জানান ওসি।
