কালিয়াকৈরে ট্রাক অচল হয়ে ৫ ঘণ্টা যানজট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক অচল হওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা পর যানজটমুক্ত হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।
সূত্রাপুর সেতুতে সোমবার সকালে সংঘর্ষের পর দুটি ট্রাক থেমে যাওয়ায় যানজট হয় বলে জানান সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার।
তিনি বলেন, সকাল ৬টার দিকে সূত্রাপুর সেতুতে টাঙ্গাইলগামী একটি পাথরবোঝাই ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। ট্রাকটি তার সামনের একটি রডবোঝাই ট্রাককে ধাক্কা দিলে দুটি ট্রাক আড়াআড়ি হয়ে সেতু অবরুদ্ধ করে।
“সেতুর দুই পাশে প্রায় ২০ কিলোমিটারে যানজট দেখা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে ট্রাক সরায়। এ সময় সড়কে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।”
