২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

মাগুরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন ডাকাতের মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 10:15 AM

Updated : 12 Apr 2022, 03:15 AM

ঢাকা-খুলনা মহাসড়কের পশ্চিম রামনগরে সোমবার ভোরে ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানান মাগুরার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সুদর্শন রায়।

নিহত শওকত (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার কুমারপাড়া গ্রামের ময়েন মণ্ডলের ছেলে।

পুলিশ কর্মকর্তা সুদর্শন রায় বলছেন, রাত আড়াইটার দিকে পশ্চিম রামনগর পার্কিং এলাকায় সড়কে গাছ ফেলে বাস ডাকাতির চেষ্টা চলছে বলে খবর আসে।

“টহল পুলিশ দ্রুত সেখানে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতদল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শওকতের লাশ উদ্ধার করা হয়।”

ঘটনাস্থলে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, তিনটি রামদা ও একটি গাছকাটার করাত পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা সুদর্শন রায়।

তিনি বলেন, শওকত আন্তজেলা ডাকাতদলের সর্দার। তার নামে বিভিন্ন থানায় সাতটি ডাকাতি মামলা রয়েছে।