ঝিনাইদহে নিখোঁজ শিশুর লাশ মিলল পুকুরে
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চারদিন আগে নিখোঁজ এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার নিত্যনন্দপুর গ্রামের একটি পুকুরে চার বছর বয়সী জোবায়ের হোসেন নামে ওই শিশুর লাশ ভেসে ওঠে বলে হরিণাকুন্ডু থানার ওসি মাহতাব উদ্দিন জানান।
জোবায়ের ওই গ্রামের মধু সরদারে ছেলে। বৃহস্পতিবার দুপরে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মধু সরদার বলেন, “ওইদিন দুপুরে জোবায়ের বাড়ির পাশে খেলা করছিল। দুপুরে খাওয়ার জন্য তার মা ডাকতে গিয়ে তাকে আর পাননি।”
এরপর স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও জোবায়ের খোঁজ না পেয়ে হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
তিনি বলেন, সকালে বাড়ির পাশের একটি পুকুরে জোবায়ের লাশ ভেসে উঠলে পুলিশকে খবর দেই। তাকে কেউ হত্যা করে পুকুরের পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্ত করে শিশুটির মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে ওসি জানান।
