২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ নির্মূলে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা চান শিক্ষামন্ত্রী

দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শনিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, জঙ্গিরা দুর্বল হয়ে পড়লেও তারা নির্মূল হয়নি। আবারও যে তারা তৎপরতা চালাবে না এমন কথা নিশ্চিত করে বলা যাবে না। তাই জঙ্গিবাদ নির্মূলে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। এখন থেকে সমাজ গড়ার কারিগরও হতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

রংপুর জিলাস্কুল মাঠে শিক্ষার উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।

“একটি গোষ্ঠী যারা দেশের উন্নতি চায় না, দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দুনিয়ার মানুষের কাছে পরিচিত করতে চায় তারাই ইসলামের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদে যুক্ত করছে।” 

“মানবকল্যাণে শিক্ষার বিকল্প নেই। কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের দিয়ে মানুষের অকল্যাণ করা হচ্ছে। মানুষ হত্যা করা হচ্ছে।” 

শিক্ষকদের মন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই যেহেতু জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে, সেহেতু শিক্ষরাই জঙ্গিবাদ নির্মূলে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন।

“এ জন্য শিক্ষার্থীদের আগে চিনতে হবে। তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। জঙ্গিবাদের কুফল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

মতবিনিময় করে সন্তানদের নজরদারিতে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক(ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান বক্তব্য দেন।

সমাবেশে রংপুর বিভাগের আট জেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।