মিরাজের দাদা বাড়িতে বিদ্যুৎ সংযোগ
ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের দাদা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
মেহেদী মিরাজের জন্মস্থান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে দাদা বাড়িতে।
শনিবার ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি জানান বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক শাজাহান হোসেন তালুদকার।
দাদা দেনছের আলী হাওলাদার বেঁচে না থাকলেও ওই বাড়িতে বসবাস করেন মিরাজের দাদি জবেদা বিবি ও চাচা জাকির হোসেন তালুকদারের পরিবার।
এরআগে মিরাজের দাদা বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না জানিয়ে শাজাহান হোসেন বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় দেশের হয়ে নাতির কৃতিত্ব টেলিভিশনে দেখতে পারেননি মিরাজের দাদি জবেদা বিবি।
এ নিয়ে বরিশালের স্থানীয় একটি দৈনিক পত্রিকা সংবাদ প্রকাশ করলে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় বলে জানান তিনি।
পল্লী বিদ্যুতের এ কর্মকর্তা বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশে জরুরি ভিত্তিতে মিরাজের দাদা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সংযোগটি মিরাজের নামে দেওয়া হলেও এর বিল পরিশোধ করবেন তার চাচা জাকির হোসেন তালুকদার।
দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিরাজের বাবা জালাল হোসেন তালুকদার। তিনি বর্তমানে ওই বাড়িতেই অবস্থান করছেন।
