গাজীপুরে ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের আবেদনের প্রেক্ষিতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ বিষয়ে মাসুদ রানা এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগর ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড করে। আর সভাপতি হিসেবে সে সবের দায়-দায়িত্ব আমাকেই নিতে হয়। তাই স্বেচ্ছায় এ পদ থেকে আমাকে অব্যহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আবেদন করেছি।”
