আশুলিয়ায় পুড়ল তুলার গুদাম
আশুলিয়ায় শ্রীপুরে একটি তুলার গুদাম আগুনে পুড়ে গেছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার রাত আড়াইটার দিকে শ্রীপুর এলাকার রফিক মিয়ার তুলার গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আব্দুল হামিদ।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।
স্টেশন অফিসার হামিদ জানান, রাতে হঠাৎ তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই গুদাম ভষ্মীভূত হয় বলে জানান তিনি।
