গৃহবধূকে এসিড নিক্ষেপ, প্রাক্তন স্বামী আটক
যশোরের শার্শায় এক নারীকে এসিড নিক্ষেপের ঘটনায় তার প্রাক্তন স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে শার্শার ধাণ্যখোলা গ্রাম থেকে দিপু ওরফে শিপনকে (৩৮) আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার উপপরিদর্শক মুরাদ হোসেন। দিপু বেনাপোল পোর্ট থানার ধাণ্যখোলা গ্রামের আবেদ আলীর ছেলে।
দগ্ধ সাবিনা খাতুনকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এসআই মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বছর দশেক আগে শার্শার আমতলা গাতিপাড়া গ্রামের প্রয়াত হাফিজুর রহমানের মেয়ে সাবিনার সাথে দিপুর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এতে দিপু প্রায়ই সাবিনাকে শারীরিক নির্যাতন করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে তালাক হয়ে যায়। এরপর থেকে সাবিনা বাবার বাড়িতে থাকতেন।
“মঙ্গলবার সন্ধায় সাবিনার বাবার বাড়ি এসে তার উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় শিপন।”
এসআই মুরাদ বলেন, মঙ্গলবার রাতে সাবিনার ভাই সমর আলী বাদী হয়ে দিপুকে আসামি করে মামলা করলে তাকে আটক করা হয়।
সমর আলী বলেন, এসিডে সাবিনার মুখ ও কপালের অধিকাংশ ঝলসে গেলে গুরুতর অবস্থায় মঙ্গলবার রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ছাবিনা।
এসআই মুরাদ আরও বলেন, দিপুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।
