২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্রের গায়ে আগুন দেওয়ার চেষ্টা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক মাদ্রাসায় ছাত্রকে মারধরের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 09:34 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বুধবার ভোরে ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।

আহত নাহিদ হাসান তুলতুল (১৪) ওই এলাকার সোহাগ মিয়ার ছেলে। সে স্থানীয় শাহী জামে হাফিজিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় সোহাগ মিয়া ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে ওসি কামাল জানান। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহাগ মিয়া বলেন, “ভোরে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তুলতুলকে বাড়ির কাছের মসজিদের পাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করে।  

“এক পর্যায়ে তারা তুলতুলের মাথায় কাপড় পেঁচিয়ে কেরসিন তেল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। এ সময় মুসল্লিরা এগিয়ে গিয়ে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।”

পরে স্থানীয়দের সহায়তায় তুলতুলকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হয় বলে সোহাগ মিয়া জানান। 

তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি কামাল জানান।