২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দিরে হামলা লঘু ভাবা ঠিক হবে না: রানা দাশগুপ্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনাকে লঘু বিবেচনা করলে ভবিষ্যতে আরও বড় হামলার আশঙ্কার কথা বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 08:47 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়ি পরিদর্শনে গিয়ে বুধবার দুপুরে তিনি একথা বলেন।

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

রানা দাশগুপ্ত বলেন, “২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে যে ঘটনাগুলো ঘটেছে নাসিরনগরের ঘটনাটি তারই ধারবাহিকতা বলে আমাদের কাছে দৃশ্যমান।”

গুলশানের হলি আর্টিজানের ঘটনার পর প্রধানমন্ত্রীর সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদেবধ জিরো টলারেন্স ঘোষণার কথা স্মরণ করিয়ে বলেন, “নাসিরনগরের হামলার ঘটনাকে হালকা অথবা লঘুভাবে বিবেচনা করা কোনোভাবেই ঠিক হবে না। যদি লঘুভাবে বিবেচনা করা হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বড় হামলার মুখোমুখি হবে, আমরা অনুমান করতে পরি।”

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “রাজনৈতিক দল ও প্রশাসন একই সাথে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার চক্রান্তকারীরা এর মধ্যেই অবস্থান করছে কিনা। আমরা সবাই চাই মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশটি পুনঃপ্রতিষ্ঠিত হোক।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হকের একটি বক্তব্যের সামলোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনজীবী।

অ্যাডভোকেট রানা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ও সংসদের বাইরে বারবার বলেছেন তার দল আগাছায় ভরে গেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীও সেই আগাছায় পড়েন কিনা সেটিও ভেবে দেখার আবেদন জানাচ্ছি।”

“আমরা জানতে পেরেছি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক ঘটনার ৭২ ঘণ্টা পর এলাকায় এসেছেন, কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দাঁড়াননি।”

ঘটনাকে সাংবাদিকরা অতিরঞ্জিত করছেন বলায় মন্ত্রীর সামলোচনা করেন রানা।

‘মিডিয়াই পরিস্থিতি অস্বাভাবিক করছে’

বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা ডাকবাংলোতে মন্ত্রীর কাছে বর্তমান পরাস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আপনারা নাসিরনগরের পরিস্থিতি অস্বাভাবিক করে তুলছেন। আমি সার্বক্ষণিক এলাকার সব খোঁজ-খবর রেখেছি।”

এ সময় ডাকবাংলোতে আসেন ইউএনও চৌধুরী মোয়াজ্জেম আহমদ।

সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ইউএনওকে একটি অভিযোগের ব্যাপারে প্রশ্ন করলে তিনি তার সঙ্গে তর্কে জড়িয়ে মারমুখী হয়ে ওঠেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী ও ইউএনওর কথাকাটাকাটিতে হইচই হয়।

আধাঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে সাংবাদিকরা ডাকবাংলো থেকে বেরিয়ে আসেন।