গাড়ির নিচে ঘুম, চাপায় চালকের সহকারীর মৃত্যু
সাভারের আশুলিয়ায় কভার্ডভ্যান চাপায় একজন নিহত হয়েছেন, যিনি ওই গাড়ির চালকের সহকারী ছিলেন।
বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার এসআই আনোয়ার মোল্লা জানান।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আনোয়ার বলেন, সকালে কভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে নিটল গ্রুপের কারখানার মেশিনাপত্র নিয়ে জামগড়া এলাকায় আসে।
“ভ্যান থেকে মালামাল নামানোর সময় চালকের সহকারী গাড়ির নিচে ঘুমাতে যান। পরে মালামাল নামিয়ে ফিরে যাওয়া জন্য চালক কভার্ডভ্যান চালানো শুরু করলে গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে এসআই জানান।
