২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে গৃহবধূর লাশ, নির্যাতনের অভিযোগ

গোপালগঞ্জে পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে; যাকে যৌতুকের দাবিতে নির্যাতন করা হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 02:51 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

জেলা সদর হাসপাতাল থেকে মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় বলে জানান সদর থানার ওসি মো. সেলিম রেজা।

নিহত মুক্তি বিশ্বাস (২৮) সদর উপজেলার বৌলতলী সাহাপুর সম্মিলনী উচ্চবিদ্যালয়ের শিক্ষক পরেশ বিশ্বাসের স্ত্রী। বৌলতলী বাজারে ভাড়া বাসায় থাকতেন তারা।

মুক্তির মা কনিকা দাস অভিযোগ করেন, “বিয়ের সময় অনেক টাকা যৌতুক দেওয়ার পরও কিছুদিন আগে পরেশ জরুরি প্রয়োজনের কথা বলে ৫০ হাজার টাকা নেয়।

“পরে এক বিঘা জমি তার নামে লিখে দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। এ নিয়ে প্রায়ই সে মুক্তিকে শারীরিকভাবে নির্যাতন করত।”

বৌলতলী ইউনিয়ন পরিষদ সদস্য চঞ্চল রায় বলেন, “পরেশ মাস্টার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি লেগে থাকত বলে শুনেছি। সোমবার রাতে পরেশ তার স্ত্রীকে ঘর থেকে বের করে দেন। গভীর রাতে লোকজন এসে আমাকে জানায় বিষয়টি।

“আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। সকালে জানতে পারি মাস্টারের স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। এরপর পরেশ ঘরে তালা লাগিয়ে গা ঢাকা দেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।”

কে বা কারা মুক্তিকে হাসপাতালে নিয়ে যায় সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি। তবে মুক্তির মা কনিকা দাস বলছেন, হাসপাতালে লাশ ফেলে তার স্বামী পরেশ পালিয়ে যায় বলে তিনি শুনেছেন। কার কাছে শুনেছেন তার নাম তিনি বলতে পারেননি।

মুক্তি সদর উপজেলার নিজড়া সিকিপাড়া গ্রামের তারাপদ দাসের মেয়ে। তিন বছর আগে কাশিয়ানী উপজেলার কড়িগ্রামের পরেশ বিশ্বাসের সঙ্গে তার বিয়ে হয়।

ওসি সেলিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।