২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মদপানের পর ৩ জনের মৃত্যু

রংপুর সিটি কর্পোরেশনের পূর্ব মহিন্দ্রা এলাকায় মদপান করে বাড়ি ফেরার পর তিনজনের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 01:12 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

হাসপাতালে ভর্তির পর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় একজন ও তার কয়েক ঘণ্টা আগে আরও দুইজনের মৃত্যু হয় বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম।

নিহতরা হলেন সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মহিন্দ্রা এলাকার আবুল কালাম আজাদ (৫৫), আনোয়ার হোসেন (৪৮) ও শাহজাহান হোসেন (৪০)।

স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক আজিজুল বলেন, নিহতরা প্রতি রাতে মদ ও রেক্টিফায়েড স্পিরিট সেবন করে বাড়ি ফিরতেন।

“রোববার মধ্যরাতে বাড়ি ফেরার পর শাহজাহান, হাসপাতালে নেওয়ার পথে আজাদ, আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান আনোয়ার হোসেন।”

নিহতরা সবাই স্থানীয় একটি হিমাগারের শ্রমিক বলে তিনি জানান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, “মদের বিষক্রিয়ায় আনোয়ার মারা যান।”

আনোয়ারে স্ত্রী তহমিনা খাতুন বলেন, “আমার স্বামী রোববার অনেক রাইতে বাড়িত আইসে। ভাত না খেয়ে শুইয়া পড়ার পর বমি করতে থাকে। পরে শুনি পাশের বাড়ির কালামেরও একই অবস্থ। কি খায়া আরচে জানি না।

“হাসপাতালে ভর্তির পর আমার স্বামী মারা যায়।”

সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ বলেন, “এলাকাবাসীর কাছ থেকে জেনেছি ওরা প্রতি রাতে মদ ও রেক্টিফায়েড স্পিরিট সেবন করে বাসায় ফিরতেন।”

মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক আজিজুল।

গত বছর ২৮ সেপ্টেম্বর রাতে রংপুর নগরীর তাজহাট বিহারিপাড়ায় মদ বিক্রেতা আব্দুর রহিম ছইয়ার বাড়িতে মদপানের পর ট্রাকচালক, হেলপার, কসাই ও রংমিস্ত্রিসহ বিভিন্ন পেশার ১৪ জন বিষক্রিয়ায় মারা যান বলে চিকিৎসকরা ময়নাতদন্ত প্রতিবেদনে বলেছিলেন।