ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে।
রানীশংকৈল উপজেলার শিবদিঘী ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে সোমবার সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন রানীশংকৈল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র কাজল (১৮) ও ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া এলাকার আক্তারের ছেলে আসাদ খান মুন্না (৩৭)।
সদর থানার এসআই শামীম হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার সাইকেল-আরোহী মুন্নাকে ধাক্কা দেয়।
তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই শামীম।
অপরদিকে রানীশংকৈল থানার ওসি রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে রানীশংকৈল ডিগ্রি কলেজের ছাত্র কাজল সাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। পথে শিবদিঘি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান ওসি রেজাউল।
