গাজীপুরে সিএনজি স্টেশনের টাকা ছিনতাই
গাজীপুরে সিটি করপোরেশন এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সাড়ে নয় লক্ষাধিক টাকা ছিনতাই করেছে অজ্ঞাত তিন যুবক।
নগপাড়া এলাকার সাগর-সৈকত সিএনজি ফিলিং স্টেশনসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রোববার সকালে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশনের সুপারভাইজার মো. ইমরান হোসেন জানান, তিনিসহ আরও দুই সুপারভাইজার একরাম ও মো. শাহজাহান সুমন ফিলিং স্টেশনের নয় লাখ ৬৩ হাজার টাকা ৪৩২ টাকা ব্যাগে নিয়ে চান্দনা চৌরাস্তার আল আরাফা ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংকে জমা দেওয়ার বের হন।
ইমরান বলেন, বেলা সোয়া ১১টার দিকে তারা ফিলিং স্টেশন থেকে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন।
“এ সময় দুই যুবক তাদের ঘিরে ধরে এবং আরেক যুবক একটি মোটরসাইকেলে সেখোনে এসে থামে। এরপর তারা আমাকে ঘুঁষি মারে ও টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
“বাধা দিলে এক যুবক পিস্তল বের করে আমার পেটে ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।”
পরে এক রাউন্ড ফাঁকা গুলি করে ওই মোটরসাইকেলে করে তারা ময়মনসিংহের দিকে পালিয়ে যায় বলে জানান ইমরান।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, দুই লাখ টাকার বেশি বহনের ক্ষেত্রে সহযোগিতা নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ইতিপূর্বে প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছিল; কিন্তু তারা কেন সহযোগিতা চাননি তা রহস্যজনক।
তবে বিষয়টি ছিনতাই কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পাম্পের ছয় কর্মচারীকে থানায় আনা হয়েছে, বলেন ওসি।
