২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ রুখতে পাড়া-মহল্লায় কমিটি চান শামীম ওসমান

জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সাংসদ শামীম ওসমান বলেছেন, প্রতিটি পাড়া-মহল্লায় পঞ্চায়েত কমিটি গঠন করে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 10:16 PM

Updated : 11 Oct 2022, 08:58 PM

আওয়ামী লীগসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান তিনি।

শনিবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে ওসমানি আউটার স্টেডিয়ামে মহানগর আওয়ামী লীগ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক জনসভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, “আজ সারা বাংলাদেশ জঙ্গিবাদের কথা বলছে। আমি আগে যখন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতাম, তখন অনেকেই বলত শামীম ওসমান এই তত্ত্ব পায় কই?

“তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দলীয় নেত্রী সাহারা খাতুনও বলেছিলেন, দেশে জঙ্গিবাদ নাই। তখন আমি বলেছিলাম, জঙ্গিবাদ আছে।”

বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে এই আওয়ামী লীগ নেতা বলেন, “দুদুর কথায় স্পষ্ট যে, তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়্যবা, জয়শ-এ-মোহাম্মদ-এর সমর্থন চায়। তারা জানে জনগণের ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না। তাই আজকে আমাদের সচেতন হতে হবে।”

নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ করেন শামীম ওসমান।

তিনি বলেন, “মেয়র নির্বাচিত হওয়ার পর আইভী বলেছেন, খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাসী। শেখ হাসিনাও গণতন্ত্রে বিশ্বাস করতে চান।

“তার এই কথার অর্থ হলো- শেখ হাসিনা গণতন্ত্রে পুরোপুরি বিশ্বাসী না।”

‘হয়তো কারও প্ররোচনায় আইভী একথা বলেছেন’ বলে মন্তব্য করেন তিনি।

এজন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনার কাছে তাকে ক্ষমা চাওয়ারও আহ্বান রেখেছেন শামীম ওসমান।

সমাবেশ শেষে শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেনকে উপস্থিত নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ারের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের সমর্থন চান প্রত‌্যাশা করেন তিনি। উপস্থিত নেতাকর্মীরা দুহাত তুলে তাদের সমর্থন জানান।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই জেলা শহর, বন্দর, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার ও ফতুল্লাসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হতে থাকেন। অনেকের হাতেই ফেস্টুন, ব্যানার, প্ল‌্যাকার্ড দেখা যায়। বিকাল নাগাদ সভাস্থল কানায়কানায় পূর্ণ হয়ে যায়।

আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে দলের জেলা সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগরের জ‌্যেষ্ঠ সহ-সভাপতি চন্দন শীল, সহ-সভাপতি রোকনউদ্দীন আহম্মেদ, জেলা জাসদ সভাপতি আব্দুস সাত্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মাহতাব উদ্দিন বক্তব্য রাখেন।