কক্সবাজারে ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকা থেকে পুলিশ তাকে আটক করে বলে টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান।
আটক আব্দুর রহমান (২৩) হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের আবুল হাশেমের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মজিদ বলেন, ভোরের দিকে ওয়াব্রাং এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা ৩/৪ জন যুবককে দেখে থামার সংকেত দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিলে একজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
“পরে আটক আব্দুর রহমানের শরীরে তল্লাশি করে কোমরে মোড়ানো পলিথিন থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে ওসি জানান।
