২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিষপানে কিশোরের আত্মহত্যা, কিশোরী হাসপাতালে

‘প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের বিরোধিতার’ কারণে মাগুরা সদরে এক কিশোর কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ওই ঘটনার পর কিশোরের কথিত প্রেমিকাও বিষপান করেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 02:04 PM

শুক্রবার এ দুটি ঘটনা ঘটে বলে দশম শ্রেণির ছাত্র ওই কিশোরের (১৬) স্বজন ও পুলিশ জানিয়েছে।  

অসুস্থ অষ্টম শ্রেণির ছাত্রীটিকে (১৪) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের বাড়িই মাগুরা সদর উপজেলায়।

মৃত কিশোরের চাচা সাংবাদিকদের বলেন, কিশোর ও কিশোরীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে তারা পালিয়ে পাশের গ্রামে ছেলেটির ভগ্নিপতির বাড়ি চলে যায়। ভগ্নিপতি তাদের বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কৌশলে তাদের নিজ নিজ বাড়ি পাঠিয়ে দেন।

তিনি বলেন, শুক্রবার সকালে কিশোরের সঙ্গে তার বাবার এ বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলেটি কীটনাশক পান করে। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এদিকে, মেয়েটির পরিবারের বরাত দিয়ে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার শহিদুল ইসলাম জানান, ছেলেটির আত্মহত্যার খবর শুনে মেয়েটিও কীটনাশক পান করে। এরপর তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার এসআই মিলন হোসেন বলেন, ওই কিশোর-কিশোরীকে বিয়ে দিতে পরিবারের লোকজন রাজি না হওয়ায় এ বিষপানের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।