সিলেটে ছাত্রফ্রন্টের চিত্র প্রদর্শনীতে হামলা
রামপাল প্রকল্প বাতিলের দাবিতে সিলেটের মদন মোহন কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আয়োজিত চিত্র প্রদর্শনীতে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মদন মোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া জানান।
ছাত্রলীগ সমর্থকরা এ হামলা চালায় বলে রুবেল মিয়া অভিযোগ করলেও সংঠনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।
রুবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে রামপাল প্রকল্প বাতিলের দাবিতে সকালে চিত্র প্রদর্শনী শুরু হয়।
“শুরু থেকেই আশপাশ থেকে বিভিন্নভাবে কটাক্ষ করে আসছিলেন কলেজ শাখার ছাত্রলীগ নেতা-কর্মীরা। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে প্রদর্শনী সংশ্লিষ্ট জিনিসপত্র ভাংচুর করে।”
হামলায় ছাত্রফ্রন্টের ২/৩ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন রুবেল মিয়া।
মদন মোহন কলেজের ছাত্রলীগকর্মী রাজেশ সরকার বলেন, ছাত্রলীগ এ হামলা চালায়নি। এটি ছাত্রফ্রন্টের আভ্যন্তরীণ কোন্দল।
মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, "ছাত্রফ্রন্টের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
