মেঘনায় নৌকা ডুবে ২ জনের মৃত্যু
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে একটি নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুখচর ইউনিয়নের বৌবাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চর আমানউল্যা গ্রামের আমির হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত বাদশা (১০) ও রসুলপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে আরিফ উদ্দিন (৩৫)।
হাতিয়ার থানার ওসি গোলাম ফারুক জানান, রসুলপুর গ্রামের আকতার হোসেনের (২৫) সাথে চর আমানউল্ল্যাহ গ্রামের শাহদাত মাঝির মেয়ে সীমা আকতারের (২০) বিয়ে হয়েছে সম্প্রতি।
ওসি বলেন, মঙ্গলবার দুপুরে নতুন বর পরিবারের কয়েকজনকে নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় শ্বশুরবাড়ি যাওয়ার সময় মেঘনার প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় বরের ছোট ভাই ইয়াসিন আরাফাত বাদশা, নৌকার দুই যাত্রী আরিফ উদ্দিন ও আলাউদ্দিন ডুবে যান।
পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাদশা ও আরিফকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
