২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোটালীপাড়ার ইউএনও পেলেন আইসিটি পুরস্কার

কাজের স্বীকৃতিস্বরূপ আইসিটি ডিজিটাল পুরস্কার ২০১৬ পেয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লাল হোসেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2016, 12:13 PM

Updated : 20 Aug 2022, 02:02 PM

রাজধানী ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুক্রবারের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাকে পুরস্কার তুলে দেন বলে তিনি জানান।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর  রহমান সরকার বলেন, কোটালীপাড়া উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিন স্থাপনের মধ্য দিয়ে শিক্ষার মান বাড়াতে অবদান রাখায় জিল্লাল হোসেন এ পুরস্কার পান।

ইউএনও জিল্লাল বলেন, কোটালীপাড়ার দায়িত্ব নেওয়ার পর তিনি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর হাজিরা নিশ্চিত করতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স মেশিন স্থাপন করেন।

“এতে শিক্ষকের স্কুল ফাঁকি রোধ হয়। শিক্ষকের বদলে অন কেউ কাজ করতে পারে না। এসব বিষয় চিন্তা করে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স যন্ত্র স্থাপন করি।”

এছাড়া শিক্ষার্থীদের হাজিরা গ্রহণে যে বিপুল সময় ব্যয় হত এই যন্ত্র তা বাঁচিয়ে দেওয়ায় শিক্ষকরা ক্লাসে বেশি সময় পড়ানোর সুযোগ পান বলে জানান ইউএনও জিল্লাল।

তিনি বলেন, “এ কাজের স্বীকৃতিস্বরূপ মন্ত্রিপরিষদ বিভাগের আইসিটি সেল আমাকে আইসিটি ডিজিটাল পুরস্কার দিয়েছে।”

উপজেলার মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুচন্দা সাহা বলেন, এক বছরে ক্লাসে শিক্ষার্থীদের হাজিরা নিতে প্রায় ৯০০ ঘণ্টা সময় ব্যয় হয়।

“এ সময়ে শিক্ষার্থীদের আরো বেশি পাঠ দেওয়া সম্ভব হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীর হাজিরা বেড়েছে। শিক্ষার্থী ও শিক্ষকরা স্কুল ফাঁকি দিতে পারছেন না। শিক্ষকের অনুপস্থিতিতে অন্য কেউ প্রক্সি দিতে পারছে না।”