গাজীপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত
গাজীপুর সিটি করপোরেশনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।
বোর্ডবাজার কুনিয়া তারগাছ এলাকায় শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোর হাইওয়ে ফাঁড়ির এসআই মো. আব্দুস সালাম।
নিহত তানিয়া আক্তার (২৭) স্থানীয় ফরচুনা পোশাক কারখানার শ্রমিক ও নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী।
এসআই বলেন, কুনিয়ার ভাড়া বাসা থেকে কারখানায় যাওয়ার পথে সকাল ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তানিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়।
“এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
লাশ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান এসআই সালাম।
