২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় বসতভিটা দখলে হামলা, নারীসহ আহত ৫

কক্সবাজারের উখিয়া উপজেলায় বসতভিটা দখল করতে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 11:56 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায়কিসলু জানান।

আহতরা হলেন, পশ্চিম রত্নাপালংয়ের মৃত এজাহার মিয়ার মেয়ে কামরুন্নাহার বেগম, মর্জিনা আক্তার ও মুন্নী আক্তার এবং মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ রিদুয়ান।

আহত কামরুন্নাহারের স্বামী আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, ২০০৯ সালে তার শ্বশুরের কাছ থেকে তিনি ৪০ শতক জমি কিনে বসতভিটা করেন। ওই সময় তার শ্বশুর তার স্ত্রীকে হেবা বাবদ ২৬ শতক জায়গা দানপত্রও করে দেন।

“গত ৬ বছর ধরে আমি পরিবার নিয়ে ওই বসতভিটাতে বসবাস করে আসছি। গত ২৩ অগাস্ট আমার শ্বশুর মারা গেলে বসতভিটাটি দখলের চেষ্টা শুরু করে শ্যালক সরওয়ার কামাল।”

তিনি বলেন, বসতভিটাটি দখলের জন্য দুপুরে দলবল নিয়ে হামলা চালায় সরওয়ার। এক পর্যায়ে তার (বক্কর) স্ত্রী ও সন্তানদের মারধর করে বাড়ি থেকে বের করে দেন সরওয়ার।

পরে পুলিশ গিয়ে দখলকারীদের বের করে দেয় বলে জানান বক্কর।

বিরোধীয় বসতভিটাটির স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। দখলকারীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এ হামলা চালিয়েছে বলে বক্করের দাবি।

পরিদর্শক কায়কিসলু বলেন, জমি নিয়ে বিরোধের জেরে বসত ভিটা দখল করতে গিয়ে দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, বিরোধীয় বসতভিটা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল। প্রতিপক্ষের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসত ভিটাটি দখলের উদ্দ্যেশ্যে হামলা চালিয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের বের করে দিয়েছে।

আদালতের নির্দেশনা মোতাবেক বসতভিটাটির আগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে সরওয়ার কামালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।