২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ আদালতে বিচারক-আইনজীবীর বাগবিতণ্ডা

নারায়ণগঞ্জের একটি আদালতে জামিন আবেদনের শুনানিতে বিচারক ও আইনজীবীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 11:03 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহানের আদালতে এ ঘটনা ঘটে।

এ সময় বিচারক ওই আইনজীবীকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আইনজীবীরা জানান, গত ২০ সেপ্টেম্বর সকালে শহরের চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে বন্ধু পরিবহনের চালক হাসানকে পিছন থেকে চাপা দেয় একটি কভার্ডভ্যান। ঘটনাস্থলে হাসানের মৃত্যু হয় এবং পরে পুলিশ কভার্ডভ্যানসহ চালক রাজু আহমেদকে গ্রেপ্তার করে।

দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহানের আদালতে রাজুর পক্ষে অ্যাডভোকেট জামাল উদ্দিন ও কামরুল হাসান জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে।

এক পর্যায়ে আবেদনকারীর আউনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে বিচারক আইনজীবী আল মামুন ভুইয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন। এ সময় উপস্থিত অন্যান্য আইনজীবীরা এর প্রতিবাদ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়েছে। রাজুকে জামিন দেওয়া হয়নি।

অ্যাডভোকেট আল মামুন ভুঁইয়া বলেন, “বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। আমি বিচারক ইসরাত জাহান স্যারের কাছে দুঃখ প্রকাশ করেছি।”

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল বলেন, বিষয়টা ভুল বোঝাবুঝিতে হয়েছে। আপোস মীমাংসা হয়ে গেছে। এটা নিয়ে কারো মনে কোনো দুঃখ নেই।