২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমাগারে এক কেজি সবজি রাখতে মাসে ১০৮ টাকা

সংরক্ষণ খরচ অতিরিক্ত হওয়ায় যশোরে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি সবজি হিমাগারটি কৃষকের কাজে আসছে না।

শিকদার খালিদ

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 01:13 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

যশোরের ঝুমঝুমপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যান উন্নয়ন কেন্দ্রে ফুল, ফল, সবজি, মাছ ও মাংস সংরক্ষণের জন্য তিন বছর আগে হিমাগারটি নির্মাণ করা হয়। কিন্তু এটি কোনো কাজে আসছে না সংরক্ষণ খরচ অতিরিক্ত হওয়ায়।

হিমাগারটি দেখভাল করেন উদ্যান উন্নয়ন কেন্দ্রের সহকারী উপপরিচালক মংটেন।

তিনি বলেন, “এখানে সবজি রাখার খরচ প্রতি কেজি প্রতি ঘণ্টায় ১৫ পয়সা। একদিন এক কেজি সবজি রাখার খরচ ৩ টাকা ৬০ পয়সা।”

এই হিসেবে এক সপ্তার খরচ ২৫ টাকা ২০ পয়সা, এক মাসের খরচ ১০৮ টাকা।

এই খরচ দিয়ে সবজি সংরক্ষণ লাভজনক নয় বলে কৃষকরা জানান।

বারীনগরের কৃষক মোসলেম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, মাল কখন কত সময়ের জন্য হিমাগারে রাখতে হবে, কখন বেচতে হবে, হিসাব মেলানো যায় না।

একই এলাকার কৃষক রহমত আলী বলেন, “সবজি মৌসুমে আমরা ন্যায্য মূল্য পাই না। সরবরাহ অতিরিক্ত হওয়ায় ক্রেতা থাকে না। আবার মৌসুম শেষে বাজারে সবজি থাকে না।

“ভরা মৌসুমে চাহিদার অতিরিক্ত সবজি দুই থেকে তিন মাস হিমাগারে রাখতে পারলে লাভ পাওয়া যায়। কিন্তু এই হিমাগারে সবজি সংরক্ষণের যে খরচ তা অস্বাভাবিক।”

সবজির বাজার দর হিসেবে হিমাগার ভাড়া পুনর্নির্ধারণ করা হলে কৃষক সবজি রাখতে আগ্রহী হবে বলে তিনি মনে করেন।

“উদ্যান উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৩ সালে পাঁচ কোটি টাকা ব্যয়ে ৫০ টন ধারণক্ষমতার এ হিমাগারটির নির্মাণকাজ শেষ হয়, কিন্তু যথেষ্ট প্রচারণা চালিয়েও কৃষকের সাড়া পাওয়া যায়নি,” বলেন উদ্যান কর্মকর্তা মংটেন।

সবজি সংরক্ষণের খরচ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্ধারণ করে বলে তিনি জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডী কুমার দাশ বলেন, “হিমাগারটি নতুন করে চালুর চেষ্টা চলছে। এবার কৃষকরা যাতে আগ্রহী হয়, খরচ নির্ধারণে সেদিকটা খেয়াল রাখা হবে।”

সরজমিনে দেখা গেছে, হিমাগারটির দরজায় তালা ঝুলছে, ভেতরে ঝুলছে কাপড়। মেঝেতে পড়ে আছে অনেকগুলো কোদাল ও ঝুড়ি। এসব সরঞ্জাম উদ্যান কেন্দ্রে কাজ করতে আসা শ্রমিকের।

উদ্যান কর্মকর্তা মংটেন বলেন, হিমাগার দেখভাল করার জন্য আলাদা কোনো জনবল নিয়োগ হয়নি। উদ্যানের লোকজন এটি দেখভাল করেন।

আলু রাখার খরচ ৫ মাসে প্রতি কেজিতে ৩ টাকা ৫৭ পয়সা

রংপুর হিমাগার মালিক সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক মৌসুমে এক কেজি আলু রাখতে খরচ হয় ৩ টাকা ৫৭ পয়সা।

এক মৌসুম মানে সাধারণত পাঁচ মাস বলে তিনি জানান। অন্য সবজি সংরক্ষণের খরচ সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

তথ্য দিয়ে সহযোগিতা করেছেন রংপুর প্রতিনিধি শাহাজাদা মিয়া আজাদ।