পাঁচ বছর পর ফিরলেন পাচার ১০ তরুণী
পাচার হওয়া ১০ তরুণী ভারতে পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বেনাপোল সীমান্ত দিয়ে শনিবার রাতে তাদের হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মমিনূল হক বলেন, ভাল চাকরির লোভ দেখিয়ে দালালরা তাদের অবৈধ পথে পাঁচ বছর আগে ভারতে পাচার করে।
“ভারতে গিয়ে তারা পুলিশের হাতে আটক হন। অবৈধ অনুপ্রবেশের অপরাধে সে দেশের আদালত তাদের পাঁচ বছর কারাদণ্ড দেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফেরেন।”
ভারত সরকারের দেওয়া বিশেষ পাসের মাধ্যমে তারা ফেরত আসেন বলে জানান পরিদর্শক মমিনূল।
তিনি বলেন, তরুণীদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর রাইটস নামে একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করেছে।
তরুণীদের বাড়ি খুলনা, যশোর, নারাণগঞ্জ, নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও গাইবান্ধা জেলায়। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
