নারায়ণগঞ্জে ইস্পাত কারখানায় ৪ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় লোহার রড তৈরির সময় আগুনে দগ্ধ হয়েছেন একটি ইস্পাত কারখানার চার শ্রমিক।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আলীগঞ্জ এলাকার নিউ ঢাকা মলডিং প্রাইভেট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান।
দগ্ধরা হলেন- ফজলু হক (৫৫), নয়ন মিয়া (২৮), আব্দুল খালেক (৬৫) ও মনির হোসেন (৫৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, দগ্ধদের মধ্যে ফজলুলের অবস্থা আশঙ্কাজনক, তার শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে। বাকিদের মধ্যে নয়নের ৬, খালেকের ৪, ও মনির হোসেনের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
ঘটনার বর্ননায় ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. শরফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিওফোর ডটকমকে জানান, ওই মিলে মূলত রড তৈরি করা হয়। রড তৈরির জন্য লোহার বার বানানোর কাজ করছিলেন শ্রমিকেরা।
“এ সময় হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছিটকে এলে ওই চার শ্রমিক দগ্ধ হন।”
ওই কারখানার মালিকের নাম রিয়াজ বলে পুলিশ জানিয়েছে।
