২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আরিচা মহাসড়কের ২২টি স্পিড ব্রেকার অপসারণ

চীনা প্রেসিডেন্টের সফর উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ২২টি গতিরোধক (স্পিড ব্রেকার) তুলে ফেলেছে সড়ক ও জনপদ বিভাগ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 01:55 PM

চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং দুই দিনের সফরে শুক্রবার ঢাকা আসছেন। শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শামসুজ্জোহা বলেন, “চীনা প্রেসিডেন্টের চলাচল নির্বিঘ্ন করতে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থাকা ২২টি স্পিড ব্রেকার তুলে সমান করে দেওয়া হয়েছে।”

তবে জনস্বার্থে যেখানে গতিরোধক প্রয়োজন শুধু সেখানেই পরবর্তীতে তা দেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফরহাদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে কোন স্পিড ব্রেকার থাকবেনা এটাই নিয়ম। সড়কে দুর্ঘটনা কমাতে জনগণের দাবি মুখে স্পিড বেকার দেওয়া হয়।

চীনা প্রেসিডেন্টের সফর উপলক্ষে ঢাকাতে যান চলাচল সীমিত করা হবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।