২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসের ধাক্কায় ২ নসিমন যাত্রীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে নসিমনের দুই যাত্রীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুইজন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 10:46 AM

Updated : 11 Oct 2022, 08:52 PM

বুধবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজউদ্দিন।

নিহতরা হলেন উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের ফটিক মালো ও কায়সার শেখ।

ওসি বলেন, মালিগ্রাম হাট থেকে পাট কিনে নসিমন যোগে বাবনাতলা বাজারে যাচ্ছিলেন কয়েকজন ছোট ব্যবসায়ী।

“পথে মাদারীপুরগামী হাকিম এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফটিক ও কায়সার মারা যান।”

এ সময় সন্তোস পাল ও মনির হোসেন নামে আরও দুই নসিমনযাত্রী আহত হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি এজাজউদ্দিন।

বাসটি আটক করলেও পুলিশ এর চালককে ধরতে পারেনি।