আশুলিয়ায় নিহত ‘জঙ্গির’ স্ত্রীর বিরুদ্ধে র্যাবের ২ মামলা
‘নব্য জেএমবির প্রধান অর্থদাতা’ আব্দুর রহমানের স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে র্যাব।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান জানান, রোববার রাতে র্যাব-৪ এর এসআই আব্দুল আহাদ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাসদমন আইনে মামলা দুটি দায়ের করেন।
শনিবার ঢাকার আশুলিয়ার বাইপাইল বসুন্ধরারটেক এলাকার একটি বাড়িতে র্যাবের অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় ‘নব্য জেএমবির প্রধান অর্থদাতা’ আব্দুর রহমান ওরফে রাকিবুল ওরফে সারোয়ার হোসেন ওরফে নাজমুল হক ওরফে এনামুল হক। ওই অভিযানের পর তার তিন সন্তান ও স্ত্রী শাহানাজ আক্তার রুমিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব তার বাড়ি থেকে প্রায় ৩০ লাখ টাকা, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও মোবাইল জ্যামার উদ্ধার করে।
এজাহারেরর বরাত দিয়ে পরিদর্শক আকবর বলেন, শাহানাজ আক্তারও তার স্বামী আব্দুর রহমানের সঙ্গে জঙ্গি কর্মকাণ্ডে সক্রিয় ছিল।এরই প্রেক্ষিতে তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
মামলায় আব্দুর রহমানের পরিচয় উল্লেখ করা হয়েছে, ‘জঙ্গি’ আব্দুর রহমান সাতক্ষীরার সদরের খুশখালী গ্রামের আব্দুল্লাহ ও রাজিয়া দম্পতির ছেলে। তার সাংগঠনিক নাম আয়নুল। একাধিক ছদ্মনামে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে থাকলেও পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম আব্দুর রহমান।
