আশুলিয়ায় গুলি করে টাকা ছিনতাই
ঢাকার আশুলিয়ায় দুইটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।
গুলিবিদ্ধ রবির বিক্রয় প্রতিনিধি সোহেল রানা (২৭) ও গ্রামীণ ফোনের হাবিবুর রহমানকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুইজনেরই পিঠে গুলি লেগেছে বলে জানান তিনি।
ওসি মহসিনুল বলেন, দুপুরে নিশ্চিন্তপুর ইটখোলা এলাকায় বিভিন্ন দোকান থেকে টাকা উত্তোলন করেন সোহেল ও হাবিব।
“পরে বাইপাইলে আসার পথে ইটখোলা এলাকায় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বাধা দিলে দুর্বৃত্তরা দুজনকে গুলি করে ব্যাগে থাকা প্রায় দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।”
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) হারুন উর রশিদ বলেন, পিঠে গুলিবিদ্ধ দুই জনকে দুপুরে হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
